Sylhet Today 24 PRINT

রোগী সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের হাসপাতালগুলো

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২০

মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব বেড়েছে যুক্তরাজ্যজুড়ে। দেশটির হাসপাতালে ভর্তি হচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ। রোগী আসার মাত্রা এতটাই বেড়ে গেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। দক্ষিণ লন্ডনের হাসপাতাল কর্তৃপক্ষ রোগী বাড়ার বিষয়টিকে ব্যাখা করছে বাস্তব চাপ হিসেবে।

রোগী বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে অ্যাম্বুলেন্স সার্ভিসেও। এমনই একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, লন্ডনে প্রতিদিন অন্তত ৮ হাজার রোগীর ডাক পাচ্ছে স্বাস্থ্যসেবা কর্র্তৃপক্ষ। তারা রোগী গ্রহণ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধু অ্যাম্বুলেন্স নয় বরং ‘৯৯৯’-এ ফোন করতে বলেছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে করোনার প্রাদুর্ভাবের পর প্রথম ঢেউয়ে ব্রিটেনের হাসপাতালগুলোতে যত রোগী ভর্তি হয়েছিল, দ্বিতীয় দফায় সেই সংখ্যা অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

ন্যাশনাল হেলথ সার্ভিসের পরিসংখ্যানে দেখা গেছে, সোমবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনা শনাক্ত হওয়া ২০ হাজার ৪২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অথচ এক সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল ১৭ হাজার ৭০০ জন। প্রথম দফা ঢেউয়ে গত ১২ এপ্রিল ১৮ হাজার ৯৭৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তির তথ্য রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী কয়েক দিনের  মধ্যে শুধু ইংল্যান্ডের হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা প্রথম ঢেউয়ের থেকেও ছাড়িয়ে যাবে। নতুন বছরের প্রথম দিনেই তা ২০ হাজারে পৌঁছতে পারে।

বিজ্ঞানীরা প্রধানমন্ত্রী বরিস জনসনকে সংক্রমণের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসব পদক্ষেপের মধ্যে তারা মাধ্যমিক স্কুল বন্ধ, পাব ও অতিপ্রয়োজনীয় নয় এমন  সব ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়ার কথা বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.