Sylhet Today 24 PRINT

বাড়ছে টিকাগ্রহীতার সংখ্যা, একদিনেই ১ লাখ ১ হাজার ৮২ জন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২১

গণটিকা কার্যক্রম শুরুর পর প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা। মঙ্গলবার টিকা প্রয়োগের তৃতীয় দিনে সারাদেশে ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নিয়েছেন। এ নিয়ে গত তিন দিনে সারাদেশে ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা নিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ২০৭ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা দিয়েছে। আগের দিন সোমবার টিকা নেওয়া ৪৬ হাজার ৫০৯ জনের মধ্যে ৯২ জনের এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আর প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন নাগরিক; তাদের মধ্যে ২১ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা যাওয়া ছাড়া বড় কোনো সমস্য হয়নি।

প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সারা দেশে এক হাজারের বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

সিলেট বিভাগে মঙ্গলবার টিকা নিয়েছেন ৮ হাজার ৫৫৯ জন। এছাড়া ২৫ হাজার ২২০ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। ময়মনসিংহে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৪ জন, রংপুরে ১০ হাজার ২৩৭ জন, খুলনায় ১১ হাজার ৩৭২ জন, বরিশালে ৪ হাজার ১৮১ জন টিকা নিয়েছেন।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। টিকা নিতে আগ্রহী সবাইকে সরকারের সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করে নিতে হচ্ছে।

ইতোমধ্যে ছয় লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুরুতে ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন। এখন যাদের বয়স অন্তত চল্লিশ বছর হয়েছে, তারাও নিবন্ধন করতে পারছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.