Sylhet Today 24 PRINT

সিলেট করোনায় মৃত্যু বেড়ে ২৭৮

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ১২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৭ জন রোগী শনাক্ত হয়েছেন ও সুনামগঞ্জে একজন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

একইদিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ জন রোগী করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৬৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৪ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৩৫২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.