Sylhet Today 24 PRINT

ভ্যাকসিন নিলেন তামিম-সৌম্যরা

স্পোর্টস ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২১

নিউজিল্যান্ড সফরের আগে নিজেদের টিকা নিয়ে নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। টিকা নিতে এখন ঢাকার কুর্মিটলা হাসপাতালে অবস্থান করছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। আর ইতোমধ্যেই নিজেদের টিকা নিয়ে নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল এবং বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। সবার আগে টিকা নিয়েছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

করোনার কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়ার পর কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকার পর পুরো দলকে জৈব সুরক্ষা বলয়ে একসঙ্গে হোটেলে থাকতে হবে। এজন্য সময় বিবেচনা করেই টাইগারদের করোনার টিকা নেওয়ার বিষয়ে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে গত সোমবার টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

উল্লেখ্য, আগামী ১৯ মার্চ ডুনেডিনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৫ মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডের পর ২৭ মার্চ হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ মার্চ নেপিয়ার এবং ৩১ মার্চ অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.