Sylhet Today 24 PRINT

সিলেটে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০২১

সিলেটে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪৫ জন করোণাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের ৪৪ জনই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে গত একদিনে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি সিলেটে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৪৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ৪৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের মৌলভীবাজার জেলায় একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। সকলেই সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়,  বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬২০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ১০ হাজার ৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬২ জন, হবিগঞ্জে ২ হাজার ১৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলা মিলে ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৮৬৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৮০ জন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.