Sylhet Today 24 PRINT

ব্রাজিলে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২১

মহামারির বছরজুড়ে একদিনে রেকর্ড ৪ হাজারের মতো মৃত্যু দেখলো ব্রাজিল। ২৪ ঘণ্টায় দেশটির প্রায় ৯০ হাজার মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। এছাড়াও দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

শুধু মার্চেই ৬৬ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমণে মারা গেছে। গত এক মাসে সেখানে প্রাণ হারিয়েছে ৬৬ হাজার ৫৭০ জন। আগের মাসের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। খবর বিবিসির।

দেশটিতে নতুন করে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছেন চিকিৎসা কর্মীরা।

এদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় বেশ চাপের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করায় মন্ত্রীসভায় বড় ধরনের রদবদল আনতে বাধ্য হয়েছেন তিনি।

বুধবার দেশটিতে নতুন করে ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৮শ জন। এদিকে, বুধবার বোলসোনারোর ওপর ক্ষোভ থেকে দেশটির তিন বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানরা পদত্যাগ করেন।

কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারায় জনপ্রিয়তা হারিয়েছেন বোলসোনারো। তার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে। দুই বছর আগে দায়িত্ব গ্রহণ করা ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এমনকি কোয়ারেন্টিনেরও পক্ষে নন।

এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩১ হাজার ৮৮৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.