Sylhet Today 24 PRINT

সিলেটে ২৪ ঘণ্টায় অর্ধশত করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০২১

সিলেটে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ৫০ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। যা নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৭১৩ জনে দাঁড়ালো। তবে একদিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

রোববার (৪ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদিন বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। যা নিয়ে সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ২৫৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৫০ জন করোনা আক্রান্ত রোগীর ৪০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া  সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

নতুন করে করোনায় আক্রান্ত ৫০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৭১৩ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৯৭৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭ জন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে ২১ জন সিলেট জেলার বাসিন্দা এবং বাকি ৩ জন সুনামগঞ্জ জেলা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এরমধ্য দিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ২৫৪ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ১০০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৫ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৪ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে করোনায় মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ২৯১ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।

সিলেটের চার জেলা মিলে ১৭৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ১৭৪ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে একজন ও ৩ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৮ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.