Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত হাজার পেরিয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২১

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ২১১ জন। আর এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭২ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জনে।

মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৬৭৫টি। সংগৃহীত নমুনার মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ১৬ হাজার ৮৫৫টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৭ লাখ ৩৪ হাজার ৯১৮টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে এক হাজার ৭৭২টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৫ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৩২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং দুইজনের মৃত্যু হয়েছে বাসায়। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১২ হাজার ২১১ জনের মৃত্যু হলো। মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩০ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ১৬ জন নারী। এদের মধ্যে ১৬ জন ষাটোর্ধ্ব, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

মৃত ৩০ জনের মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে রয়েছেন। এছাড়া রঙপুর বিভাগে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.