Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে কমেছে শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে সংক্রমিত ১ হাজার ২৯২ জন শনাক্ত হয়েছেন। আর করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন সংক্রমিত ব্যক্তির একজন কম।

এ নিয়ে দেশে করোনা সংক্রমণ পেরিয়ে গেল ৭ লাখ ৯৪ হাজার। এর মধ্যে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১২ হাজার ৪৮০ জন।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আর গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, ২৫ মে সকাল আটটা থেকে ২৬ মে সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৭ জন। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৯৭ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৯৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে এই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৭১০টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯১৫টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৮ লাখ ৮৭ হাজার ২৬৮টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে এক হাজার ২৯২টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৯১ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৪৭ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.