Sylhet Today 24 PRINT

করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০২১

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন ২২ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১ জন। একই সময়ে নমুনা পরীক্ষা প্রায় দেড় হাজার কমলেও শনাক্ত বেড়েছে। আর গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল এক হাজার ২৯২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৯৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে এই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৩৮৮টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬০৬টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৯ লাখ এক হাজার ৮৭৪টি।

শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে এক হাজার ৩৫৮টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬০ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৩৬ হাজার ২২১ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশ।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৩১ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া একজনের বাসায় মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১২ হাজার ৫১১ জনের মৃত্যু হলো। মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩১ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ১৩ জন নারী। এদের মধ্যে ১৩ জন ষাটোর্ধ্ব, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, চারজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া ১১ থেকে ২০ বছর বয়সী এবং ১০ বছরের নিচে বয়সের একজন করে মারা গেছেন।

মৃত ৩১ জনের মধ্যে ১০ জন করে মারা গেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। খুলনা বিভাগে মারা গেছে ৬ জন, দুই জন করে মারা গেছেন রাজশাহী ও রংপুর বিভাগে। এছাড়া সিলেট বিভাগে একজন মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.