Sylhet Today 24 PRINT

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২১

দেশে গত এক দিনে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু আরও বেড়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৮ জনে।

এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৭ জনের। এ নিয়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনের দেহে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০৯টি ল্যাবে ১৮ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭২৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৪ জন নারী। এদের মধ্যে একজন শিশু রয়েছে। অন্যদের বয়স বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব দুই, চল্লিশোর্ধ্ব পাঁচ, পঞ্চাশোর্ধ্ব ছয় ও ষাটোর্ধ্ব ১৯ জন।

বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রামে ছয়, রাজশাহী, খুলনা পাঁচ, বরিশাল এক, সিলেট তিন এবং রংপুরে তিন জনের মৃত্যু হয়েছে।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করে।

পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ৪ জানুয়ারি থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। ওই বছরের ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.