Sylhet Today 24 PRINT

টিকা নেয়ার পর করোনা আক্রান্ত হলে ‘মৃত্যু ভয় নেই’

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২১

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে টিকা নিয়েও সংক্রমিত হয়েছেন অনেকেই। টিকাকেই যখন আশার আলো বলে ধরে নিয়েছেন সাধারণ মানুষ, তখন টিকা নিয়েও আবার আক্রান্ত হওয়ার খবরে তৈরি হয়েছে নতুন আতঙ্ক।

তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (এইমস) গবেষণা প্রতিবেদন বলছে, টিকা নেয়ার পর অনেকেই আক্রান্ত হয়েছেন ঠিকই, কিন্তু মৃত্যু হচ্ছে না। বেশ কয়েকজন আক্রান্তকে নিয়ে গবেষণা চালিয়ে এমনটাই জানিয়েছেন এইমসের গবেষকরা।

টিকা নেয়ার পরও যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের সেই সংক্রমণকে ‘ব্রেক-থ্রু’ সংক্রমণ বলছেন চিকিৎসকরা। এ ধরনের সংক্রমণ নিয়েই গবেষণা চালিয়েছিল এইমস।

টিকা নিয়েও ফের আক্রান্ত ৬৩ জনকে নিয়ে চালানো গবেষণায় দেখা গেছে, কারও কারও শরীরে ‘ভাইরাল লোড’ বা ভাইরাসের পরিমাণ বেশি হলেও তাদের মৃত্যু হচ্ছে না। এদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। এরা সবাই গত এপ্রিল বা মে মাসের মধ্যে টিকা নিয়েছেন।

এর আগে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এর করা গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছিল, টিকা নেয়ার পর খুব কম সংখ্যক মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন। এদের অনেককে হাসপাতালেও ভর্তি করাতে হয়নি। মৃত্যুর হারও অনেক কম। সেই দাবির ভিত্তিতেই গবেষণা চালায় এইমস।

প্রতিবেদন প্রকাশ করে এইমস জানিয়েছে, টিকা নেয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ৬৩ জনকে বেছে নেয়া হয়। এদের মধ্যে ৩৬ জন টিকার দুটি ডোজ পেয়েছেন এবং ২৭ জন প্রথম ডোজ পেয়েছেন।

দেখা গেছে, এদের শরীরে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত টানা জ্বর থাকলেও অবস্থা স্থিতিশীল ছিল। তারা আবার আক্রান্ত হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং এর সঙ্গে টিকা মিশে একটি যৌথ প্রতিরোধ গড়ে উঠছে শরীরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.