Sylhet Today 24 PRINT

চব্বিশ ঘণ্টায় মৃত্য কমে বেড়েছে সংক্রমণ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২১

সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিলেন ৪৪ জন। এছাড়া একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে দুই হাজার ৫৩৭ জনের শরীরে। আগের দিন দুই হাজার ৩২২ জনের শরীরে শনাক্ত হয়েছিল এই ভাইরাস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরিমাণ বেড়েছে। আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছিলেন দুই হাজার ৬২ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৭ জন।

বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৫৩৭টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৭ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৩৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৩ জন, বেসরকারি হাসপাতালে ৩ জন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১২ হাজার ৯৪৯ জনের মৃত্যু হলো। মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ, ১৯ জন নারী। এদের মধ্যে ২১ জন ষাটোর্ধ্ব, ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, একজনের বয়স ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে।

মৃত ৪১ জনের মধ্যে ৬ জন করে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের, রাজশাহী বিভাগের ৯ জন, খুলনা বিভাগের ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.