Sylhet Today 24 PRINT

রাজশাহী মেডিকেলে ১৮ দিনে করোনাজনিত মৃত্যু ১৫৭ জন

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও এর উপসর্গে মারা গেছেন মোট ১৫৭ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৮৩ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে সিদ্ধান্ত নিয়েছে, তারা হাসপাতালের প্রতিদিনের করোনাবিষয়ক তথ্যাবলি প্রতিদিন সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে জানাবে। শুক্রবার সব মিলিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৭১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ২৯৭ জন।

জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে মে মাসের শেষ সপ্তাহ থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। গত ২৪ মে রাজশাহী মেডিকেল কলেজে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ঘটে। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু ঘটেছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও এর উপসর্গে মারা গেছেন মোট ১৫৭ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৮৩ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন ও সবশেষ আজ মারা গেলেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.