Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: রাজশাহী মেডিকেলে আরও ১৩ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টাতেও ১৩ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকি ৮ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

মৃতদের মধ্যে ৩ জন নারী এবং ১০ জন পুরুষ। বেশির ভাগের বাড়িই রাজশাহী জেলায়। মৃতদের অধিকাংশই বয়স্ক। যাদের বয়স ৬১ বছরের উপরে।

হাসপাতাল পরিচালক জানান, মৃতদের মধ্যে ১২ জনের বাড়িই রাজশাহীতে আর একজন নাটোরের।

এ নিয়ে চলতি মাসের ২২ দিনে (১ জুন থেকে ২২জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২২৯ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১১৭ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৩ জনের মধ্যে ৯ জনের বয়সই ৬১ বছরের উপরে। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ২ জন নারী। এ ছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.