Sylhet Today 24 PRINT

করোনায় একদিনে ২৭ মৃত্যু দেখলো খুলনা

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০২১

খুলনা বিভাগে আবারও বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মৃত্যু হয়েছে ২৭ জনের। এ সময় সর্বাধিক মৃত্যু ও শনাক্ত হয়েছে খুলনা জেলা ও মহানগরীতে।

বিভাগে ৯৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ৫ জন, যশোরে ৪ জন, বাগেরহাটে ৪ জন এবং নড়াইলে ৩ জন ও মেহেরপুরে ২ জন মারা গেছেন।

এর আগে সোমবার (২১ জুন) আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু ও শনাক্ত হয় ৯৪৫ জনের। আর রবিবার (২০ জুন) আগের ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু এবং ৭৬৩ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছিল। তার আগে শনিবার (১৯ জুন) ২২ জনের মৃত্যু এবং ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৯৭৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৪৮ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৪১৩ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৯৮৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.