Sylhet Today 24 PRINT

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০২১

শেষ চব্বিশ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ আর ৭ জন মারা যান উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী বুধবার সকালে জানান, গত চব্বিশ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৪৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬০ জন। এর মধ্যে রাজশাহীর ৩০০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪০ জন, পাবনার ২২ জন ও কুষ্টিয়ার ৪ জন রয়েছেন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৯৩টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৩২ দশমিক ০৬ শতাংশ।  চাঁপাইনবাবগঞ্জের চারটি নমুনা পরীক্ষায় দুইজনের পজিটিভ আসে। শনাক্ত হার ৫০ শতাংশ। নওগাঁয় ২৪৬টি নমুনায় ১২০ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.