Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুলাই, ২০২১

সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ৮ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলা ও বিভাগে একদিনে এটা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগেও গত ২৫ এপ্রিল সিলেট বিভাগে একই সংখ্যক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিলো।

আর সিলেটে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছিলো চলতি মাসের ১ জুলাই। সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯১ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ২৫৩ জনের শরীরে।

যাদের মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জ জেলার ২১ জন, হবিগঞ্জ জেলার ৫৪ জন ও মৌলভীবাজার জেলার ৬১ জন রয়েছেন। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। আর গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে সিলেট জেলার ৪, সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.