Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: সিলেটে ৩৯৪ রোগী শনাক্তের দিনে ৬ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০২১

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১৭ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৩৯৪ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ১১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন করোনা আক্রান্ত রোগী।

শনিবার (১০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৪১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৩৯৪ জন করোনা আক্রান্ত রোগীর ২৬২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৩ জন, হবিগঞ্জের ৩৫ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৫৪ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজারে ৭ জন ও সুনামগঞ্জে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৩৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৬৩ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ২৭ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১০৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৪ জন সুনামগঞ্জ জেলার ও ১০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩২ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৯৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৭০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৮১ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন রোগী। যাদের ৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একজন করে মৃত্যুবরণ করেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪১৯ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৪০ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ১৪, সুনামগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৯৫ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.