Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: খুলনায় আরও ৪৮ প্রাণহানি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০২১

খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৮৮ জন। এর আগে সোমবার (১২ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, মেহেরপুর ও নড়াইলে ৩ জন করে, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৭৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১১১ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩২০ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৮ জনের। মারা গেছেন ৪৪৩ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৩৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.