Sylhet Today 24 PRINT

করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈশ্বিক এ মহামারিতে দেশে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে সর্বশেষ এক হাজার মানুষের মৃত্যু হয়েছে গত ছয় দিনে। মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৩ জনের। 

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৯৩ জন। আগের দিন করোনায় ১৫৯ জনের মৃত্যু এবং ৬ হাজার ৫৬৬ জন রোগী শনাক্ত হয়েছিল। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত কমেছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৮। আগের দিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৬৪। এ নিয়ে চার দিন ধরে রোগী শনাক্তের হার ২০ শতাংশের নিচে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজার ২০৩। মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৩ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.