Sylhet Today 24 PRINT

‘কোভিশিল্ড’-এর অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২১

সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনার টিকা ‘কোভিশিল্ড’-এর অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

বুধবার যুক্তরাজ্য সরকার বিদেশিদের জন্য সংশোধিত ভ্রমণ নীতিমালায় এই টিকার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বহুজাতিক ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা ভারতের পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত হচ্ছে।

কোভিশিল্ড নামের এই টিকা চলতি বছরের প্রথম দিকে বাংলাদেশেও এসেছিল। পরে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে টিকা রপ্তানি বন্ধ করে দেয় তারা।

গত মার্চের মাঝামাঝি থেকে দেশে উৎপাদিত সব টিকা নিজেদের জনগণকে দেয় ভারত সরকার। এখন পর্যন্ত দেশটিতে ৭২ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে, এর মধ্যে কোভিশিল্ড টিকাই বেশি।

সম্প্রতি যুক্তরাজ্য সরকার পর্যটকদের জন্য যে নিয়ম করেছে, তাতে কোভিশিল্ডের দুই ডোজ টিকা নিয়ে কেউ সে দেশে গেলে তাকে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এ নিয়ে অসন্তুষ্ট ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, কোভিশিল্ড টিকাকে যুক্তরাজ্যের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত বৈষম্যমূলক।

কোভিশিল্ডের দুই ডোজ টিকা নেওয়া ভারতীয়দের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন মানার নিয়ম বন্ধ করার অনুরোধ জানান তিনি। বর্তমান নিয়মে যুক্তরাজ্যে ভ্রমণ করতে হলে ভারতীয় নাগরিকদের কোয়ারেন্টিন পালন ছাড়াও বাইরে চলাফেরা করার আগে তাদের করোনা পরীক্ষা করাতে হবে।

যুক্তরাজ্যে কোভিশিল্ডের অনুমোদন দিলেও যুক্তরাজ্য ভ্রমণ করতে হলে ভারতীয়দের ১০ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছুই জানায়নি দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.