Sylhet Today 24 PRINT

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

দেশে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু ও শনাক্ত দুইই কমেছে। যদিও নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জনের শরীরে। একই সময়ে মারা গেছেন ২০ জন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার ২৭ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছিলো ৫ হাজার ২৬৮ জনের শরীরে।

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন করোনা রোগী শনাক্ত হলো। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন।

২৪ ঘণ্টায় ২৯ হাজার ৯০৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩০ হাজার ৪৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.