Sylhet Today 24 PRINT

সিলেটে করোনা সন্দেহে চিকিৎসাধীন প্রবাসীর নমুনা ঢাকার পথে

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০২০

সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসীর (৭০) নমুনা ঢাকার পথে রয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়ে বলেন, ওই প্রবাসীর নমুনা সংগ্রহ করা হয়েছে, যা বর্তমানে ঢাকার পথে রয়েছে। সন্ধ্যার মধ্যে তা আইইডিসিআরে পৌঁছে যাওয়ার কথা।

তিনি আরও জানান, ওই ব্যক্তির শরীরের ঘাম, রক্ত ও মুখের লালাসহ প্রয়োজনীয় নমুনা সকালে সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়ে। আগামীকালই তার রিপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মৌলভীবাজারের এক দম্পতি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। তাপমাত্রা বেশি হওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদেরকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ স্বামীকে হাসপাতালের কোয়ারেন্টিনে রেখে স্ত্রীকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.