Sylhet Today 24 PRINT

করোনা পরীক্ষা হবে আইসিডিডিআরবিতে

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০২০

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআরবি) কোভিড–১৯ শনাক্তকরণ পরীক্ষার অনুমতি দিয়েছে।

আইসিডিডিআরবির উদ্ভাবিত স্যালাইন বিশ্বের বহু মানুষের জীবন রক্ষা করে চলেছে। পুষ্টি, যক্ষ্মা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, কলেরার টিকা—এ রকম বহু বিষয়ে এই প্রতিষ্ঠানে নিয়মিত গবেষণা হয় আইসিডিডিআরবিতে। ডায়রিয়াজনিত রোগ নিয়ে গবেষণার জন্য সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

জৈব নিরাপত্তা আছে এমন ল্যাবরেটরিতেই কোভিড–১৯ শনাক্তকরণ পরীক্ষা হতে হবে। নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা না থাকলে ল্যাবরেটরির কর্মীদের সংক্রমণের ঝুঁকি থাকে। সেই নিরাপত্তা আইসিডিডিআরবির ল্যাবরেটরিতে আছে।

করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা নিয়ন্ত্রণ করছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি রাজধানীর মহাখালীতে। এর থেকে আধা কিলোমিটারের কম দূরত্বে আইসিডিডিআরবি। প্রস্তুত থাকলেও শুরুতে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের সহায়তা নেয়নি সরকার। এক সপ্তাহ আগে শুধু প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয় সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিকবার বলেছে, সরকারি–বেসরকারি সবার সম্মিলিত প্রচেষ্টায় কোভিড–১৯ মোকাবিলা করতে হবে। যখন বেশিসংখ্যক পরীক্ষার কথা উঠেছে, তখন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা বলেছেন, প্রয়োজনে অন্যের সহায়তা নেওয়া হবে।

কলেরা বিষয়ে কাজ করার জন্য আইসিডিডিআরবি এবং ম্যালেরিয়া নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল আইইডিসিআরের।

এই প্রতিষ্ঠানের গবেষকদের গবেষণা প্রবন্ধ নিয়মিতভাবে বিশ্বের নামকরা জার্নালে প্রকাশ পায়। সরকারের অনেক কাজের সঙ্গে এই প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীরা জড়িত। স্বাস্থ্যসচিব এর নির্বাহী বোর্ডের সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.