Sylhet Today 24 PRINT

করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ গেল আরও ৬ বাংলাদেশির

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও ৮ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে নিউ ইয়র্কে ৭ জন পুরুষ এবং মিশিগানে একজন নারী মারা যান।

এই নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ৮৬ বাংলাদেশি প্রাণ হারালেন করোনার করাল গ্রাসে। তাদের মধ্যে নিউ ইয়র্কে ৮১ জন, নিউজার্সিতে ৪ জন ও মিশিগানে ২ জন।

নর্থ ব্রঙ্কস সেন্টাল হাসপাতালে চারদিন করোনার সঙ্গে লড়াই করে সোমবার সকালে মারা যান ব্রঙ্কসের বাসিন্দা মুক্তিযোদ্ধা ডা. ইফতেখার উদ্দিন কাঞ্চন। ৬৭ বছরের এই চিকিৎসক ছিলেন নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের মহামারী রোগ বিশেষজ্ঞ।

এদিকে এই মহামারীর সঙ্গে লড়াই করে সোমবার ভোরে এলমহাস্ট্র হাসপাতালে মারা যান বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজাদ বাকের।

জেএফকে টার্মিনাল ৫-এর এয়ারওয়ে কর্মরত জ্যামাইকার বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমান মারা গেছেন জ্যামাইকা হাসপাতালে। আজাদুরের বড় ভাই ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে আইসিউতে রয়েছেন।

দুপুরে মারা যান ব্রঙ্কসের বাসিন্দা কুষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা আফতাব উদ্দিন (৭১)। ভোরে ওজন পার্কে মারা যান ৭৭ বছর বয়সী বাবুল মিয়া। ব্রুকলিনে মারা যান বেগমগঞ্জ ওয়েল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। ষাটোর্ধ আবুল ফাররাহও মারা গেছেন ব্রুকলিনে।

এদিন দুপুরে মিশিগানের হ্যামট্রামিক সিটিতে করোনায় আক্রান্ত এক প্রবীণ বাংলাদেশি নারী (৭৩) মারা যান।

নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন বাংলাদেশি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকও রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.