Sylhet Today 24 PRINT

তথ্য গোপন করে চিকিৎসা, ৪২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

করোনাভাইরাস সংক্রমণ

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য গোপন করে জরুরি চিকিৎসা নেওয়া একজন রোগীর মাধ্যমে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ২৩ জন চিকিৎসকসহ ৪২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী বলেন, গত সপ্তাহের শনিবার হাসপাতালের সার্জারি বিভাগে একজন রোগী ভর্তি হন। জরুরি ওই রোগীর অস্ত্রোপচারে যারা যুক্ত ছিলেন তারা সবাই আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ১২ জন এবং শুক্রবার ১০ জনের করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত করা হয়। তাদের মধ্যে সার্জারি ও গাইনি বিভাগের ১০ জন চিকিৎসক এবং আটজন নার্স রয়েছেন। পরদিন ৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তাদের সবার ফল ‘নেগেটিভ’ আসে। তবে রোববার আরও ১৩ জন চিকিৎসক এবং সাতজন নার্সের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত করা হয়। এ নিয়ে মোট ৪২ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মূলত ওই রোগীর মিথ্যা তথ্যের কারণেই ডাক্তাররা আক্রান্ত হয়েছেন। এখন সেটা একজনের কাছ থেকে অন্যজনে ছড়াচ্ছে। আর আমরাই বা কী করব, একজন রোগীর ইমার্জেন্সি অপারেশনের দরকার হলে তো অপারেশন করতে হবে, না হলে রাস্তায় মারা যাবে।

যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে এবং যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.