নিজস্ব প্রতিবেদক | ২২ এপ্রিল, ২০২০
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৯০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩ হাজার ৭৭২ জন। এছাড়া এই সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২০ জন।
বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিজ্ঞাপন
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহ।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় বেশি লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। আর করোনা শনাক্ত হয় ৪৩৪ জনের।
আজ বুধবারের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৭৭২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯২ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
বুলেটিনের শুরুতে ডা. মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ ও বিতরণের তথ্য তুলে ধরেন। এছাড়া বুলেটিন করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।