Sylhet Today 24 PRINT

করোনাভাইরাসে দেশে প্রথম কোনো ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের একজন কর্মকর্তা (৪০) মারা গেছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৪৫ জন মারা গেলেও এটাই কোনো ব্যাংক কর্মকর্তার প্রথম মৃত্যু।

জানা গেছে, ওই কর্মকর্তা গত কয়েকদিন ধরে উচ্চ জ্বরে ভুগছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুসারে দুবার কোভিড-১৯ পরীক্ষা করেছেন। উভয় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি মূত্র সংক্রমণের ওষুধ খাচ্ছিলেন। গতকাল শনিবার তিনি গুরুতর অসুস্থবোধ করলে আবার কোভিড-১৯ টেস্টের জন্য মুগদা জেনারেল হাসপাতালে যান। তখন তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

মারা যাওয়া ওই ব্যাংক কর্মকর্তাকে জোহরের নামাজ শেষে আইনশৃঙ্খলা বাহিনী তালতলা কবরস্থানে দাফন করে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার পরিবারের এক সদস্যকে দাফনে যোগ দেয়ার সুযোগ দিলেও তাকে মৃতদেহ দেখতে দেয়া হয়নি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনায় আক্রান্ত রোগী পাঁচ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৪১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্ত পাঁচ হাজার ৪১৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.