Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ঢাকা ফেরত শিক্ষার্থীর করোনা শনাক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে। রোববার (২৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলে শ্রীমঙ্গলের একজনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত করা হয়।

শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যিনি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি একজন ঢাকা ফেরত শীক্ষার্থী ও শ্রীমঙ্গলের একটি চা বাগানের বাসিন্দা।’ এছাড়া তিনি গত ২২ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ী থেকে শ্রীমঙ্গল এসেছেন এবং হোম কোয়ারেন্টিনে ছিলেন।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গলের এ স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘তিনি হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় আমরা গত ২৩ তারিখ আক্রান্ত রোগীর স্যাম্পল সংগ্রহ করে পাঠিয়েছিলাম আজ রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা এখন আক্রান্ত ব্যক্তির বাড়িতে যাচ্ছি।’

এদিকে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, আমরা আক্রান্ত রোগীর বাসায় পৌঁছেছি, রোগী বাসাতেই আছেন। প্রাথমিকভাবে আক্রান্ত রোগীর বাসা লকডাউন করা হবে পরবর্তীতে প্রয়োজন হলে পুরো বাগান লকডাউন করা হবে। তবে বর্তমানে আক্রান্ত শিক্ষার্থীর শারীরিক অবস্থা ভালোই আছে বলেও জানান তিনি।

এদিকে রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে মোট ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৮ জনের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয় মৌলভীবাজারে ৬ জন। যাদের মধ্যে একজন শ্রীমঙ্গল, একজন বড়লেখা ও চারজন কুলাউড়া উপজেলার।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তিনি শহরের একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা। তার বয়স ২৬ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.