Sylhet Today 24 PRINT

২৪ ঘন্টায় আক্রান্ত সর্বোচ্চ ৫৪৯, সুস্থ আরও ৮ জন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬ হাজার ৪৬২ জন।

এছাড়া এই সময়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫৫ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন। ফলে মোট সুস্থের সংখ্যা এখন ১৩৯ জন।

 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট চার হাজার ৩৩২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪৯ জনের মধ্যে নতুনভাবে নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ২৪ ঘণ্টা সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আটজন। এখন পর্যন্ত মোট ১৩৯ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।’ তবে যারা বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন তাদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আপডেট করা হয়নি বলেও জানান তিনি।

 

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। ওনাদের সবার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। তারা তিনজনই ঢাকায় বাস করতেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.