Sylhet Today 24 PRINT

নতুন শনাক্ত ৫৬৪, সুস্থ আরও ১০ জন

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭ হাজার ৬৬৭ জন।

এছাড়া এই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬৮ জন।

এছাড়া সুস্থ হয়েছেন ১০ জন। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ১৬০ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। পরীক্ষায় পাওয়া ফলাফলে দেখা গেছে, নতুন করে ৫৬৪ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি রয়েছে।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জন। মৃতদের মধ্যে পুরুষ তিনজন আর নারী দুজন। এদের মধ্যে একজন সাংবাদিক ও একজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। হাসপাতাল থেকে মোট ১৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ঢাকায় হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৫ জন। এখন পর্যন্ত সর্বমোট ভর্তি আছেন ৯৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বর্তমানে দেশে ২৯টি ল্যাবে পরীক্ষা চলছে। বেসরকারি এভারকেয়ার হাসপাতালের পরীক্ষার তথ্যও যুক্ত হয়েছে। আরও অনেক বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ পরীক্ষার জন্য আবেদন করেছে। তারা শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.