Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৬৫, মৃত ২, সুস্থ ১০৬৩

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মে, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৯ হাজার ৪৫৫ জন।

এছাড়া এই সময়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭৭ জন।

বিজ্ঞাপন

রোববার (৩ মে) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, কাকে সুস্থ বলা যাবে, সেই নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। সে হিসেবে দেশে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে মোট ১০৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

শনিবার পর্যন্ত হাসপাতালে থাকা রোগীদের মধ্যে মোট ১৭৭ জনের সুস্থ হয়ে বাড়ি ফেরার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

অধ্যাপক নাসিমা বলেন, গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে একজন শিশু, যার বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৬০ বছরের বেশি। তাদের একজনের বাড়ি নারায়ণগঞ্জ, অন্যজনের বাড়ি রংপুরে।

সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩১টি ল্যাবে এখন করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে জানিয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২১৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৮১ হাজার ৪৩৪টি।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ। তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে এত বেশি নতুন রোগী আর কখনও বাংলাদেশে শনাক্ত হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.