Sylhet Today 24 PRINT

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ মে, ২০২০

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৩ মার্চ থেকে পুরোদমে লকডাউন কার্যকর করে ইউরোপের দেশ জার্মানি। করোনা সংক্রমণ এবং প্রাণহানির চূড়া পেরিয়ে আসায় ধীরে ধীরে অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে দেশটি।

সর্বশেষ দেশটির গির্জাগুলো পুনরায় চালু করে দেয়া হয়েছে বলে রোববার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে জার্মান কর্তৃপক্ষ জানায়, দেশের সব খেলার মাঠ এবং জাদুঘর এবং চিড়িয়াখানার মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়া হবে।

এসব প্রতিষ্ঠান খুললেও দেশটির হোটেল ও রেস্টুরেন্ট সহসাই চালু হচ্ছে না। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মেরকেল বলেছেন, আগামী ৬ মে ফেডারেল ও রাজ্য সরকারের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আতিথেয়তা শিল্প খুলে দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। তবে স্কুল, শিশুসেবা কেন্দ্র ও খেলাধুলার প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে বিধি-বিধান শিথিল করা হবে।

জার্মানির সংক্রামক ব্যাধি বিষয়ক প্রতিষ্ঠান রবার্ট কচ ইন্সটিটিউট বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৬৪৯ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৬৭ এবং মৃত ৬ হাজার ৮১২। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩০ হাজার ৬০০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.