নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২০
দেশে কারো দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে আইইডিসিআরের পরিবর্তে রোববার থেকে সেই নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। আর রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) করবে গবেষণা।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, সারা দেশে এই ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি বাংলার।
এতদিন আইইডিসিআর এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে আসছিল।
আবুল কালাম আজাদ জানিয়েছেন আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।
দেশে রোববার নতুন করে ৬৬৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটাই এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘটনা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে। নতুন করে দুইজনের মৃত্যুতে মৃতের সংখ্যা ১৭৭ জনে দাঁড়াল।
উল্লেখ্য, ৮ মার্চ দেশে প্রথমবারের কারও দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয় বলে জানিয়েছিল আইইডিসিআর। ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।