Sylhet Today 24 PRINT

ওসমানীতে চিকিৎসাধীন আরেক রোগীর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগী হাসপাতালের ইউরোলি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

এরআগে এই হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন দুই প্রসূতির করোনা শনাক্ত হয়। এবার শনাক্ত হওয়া ব্যক্তি পুরুষ। রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এ তথ্য জানিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শনাক্ত হওয়া ব্যক্তিকে রোববার রাতেই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন



জানা যায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা গ্রামের এক ব্যক্তি গত বুধবার (২৯ এপ্রিল) কিডনির পাথর অপসারণের জন্য ওসমানী হাসপাতালের ইউরোলজি ওয়ার্ডে ভর্তি হন। তবে কিডনির ক্রিয়েটিনাইন বেশি থাকায় অস্ত্রোপচারের পূর্বে তার ডায়ালাইসিস করানোর প্রয়োজন হয়। হাসপাতালের নেফ্রোলজি বিভাগ ডায়ালাইসিস করাতে গিয়ে রুটিনমাফিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করলে রোববার রাতে এই রোগীর পজেটিভ রিপোর্র্ট আসে। শনাক্ত হওয়া রোঘির শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিলো না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউরোলজি বিভাগের ১২ জন চিকিৎসক ও সেবক-সেবিকাসহ প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী এবং এই বিভাগের অন্য রোগীরাও এই রোগীর সংস্পর্শে এসেছেন।

তবে হাসপাতালটির উপ পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন, এই রোগীর সংস্পর্শে যেসব স্বাস্থ্যকর্মীলা এসেছেন তাদের যথেষ্ট পরিমাণ সুরক্ষা সামগ্রী ছিলো। তাই তাদের কাউকে কোয়ারেন্টিনে যেতে হবে।  

এদিকে, এই রোগীর গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.