Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৮৮, মৃত ৫, সুস্থ ১৪৭

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা এবং মৃত্যু বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল।

সোমবার (৪ মে) দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ২০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন

তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য জানা যায়নি। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

গতকাল রোববার ৬৬৫ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ২ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৮২ জন। মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ১৪৩।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৬০ জনের করোনা পরীক্ষা করা হয়। আগের দিন ৫ হাজার ৩৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪ জনের নমুনা। এখন ৩৩টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৯০ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনে আছেন এক হাজার ৬৩৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯১ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন এক হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৭৪২ জনকে। এখন পর্যন্ত এক লাখ ৯৫ হাজার ৩৩৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৫৪৮ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ৪০১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৯৩৩ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.