Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ঢাকা-নরসিংদীর পর এবার চট্টগ্রাম ফেরত যুবক করোনায় আক্রান্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরও এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তের বয়স ২৫ বছর বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন। এ পর্যন্ত শ্রীমঙ্গলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ জন।

আক্রান্ত সেই ব্যক্তি গত ২৩ এপ্রিল চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে এসেছিলেন এবং সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে এক্স-রে টেকনোলজিস্ট হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যায়। আক্রান্ত ব্যক্তির বাড়ী শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের খাইরুজ্জামা গ্রামে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, আমরা গত ২৪ এপ্রিল তারিখে আক্রান্ত ব্যক্তির নমুনা সিলেটে প্রেরণ করি। সিলেট থেকে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে আজ মঙ্গলবার দুপুরে তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তি মোটামুটি সুস্থ আছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা আক্রান্ত ওই যুবকের বাড়িসহ ও আশপাশের আটটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সব বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। সবার রিপোর্ট না আসা পর্যন্ত সবগুলো বাড়ি লকডাউন থাকবে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল শ্রীমঙ্গলে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হন। যিনি শ্রীমঙ্গলেরএকটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা ও ঢাকা ফেরত। পরে ২৬ এপ্রিল ঢাকা ফেরত এক নারী শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন, যিনি উপজেলার দ্বিতীয় আক্রান্ত ব্যক্তি। এরপর নরসিংদী ফেরত এক কিশোরের করোনা সনাক্ত হয়। এছাড়া সেই বেসরকারি ব্যাংকের একজন নিরাপত্তারক্ষীও করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.