Sylhet Today 24 PRINT

করোনার সংক্রমণ মানবদেহে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ চোখ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ মে, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ মানবদেহে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ দুই চোখ, হংকংয়ের গবেষকরা বলেছেন এই কথা। দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ধৃতি দিয়ে আরও বলেছে, সার্সের চেয়ে শতগুণ সংক্রামক এই নতুন করোনাভাইরাস।

পরীক্ষাগারের পরীক্ষায় কোভিড-১৯ রোগের জন্য দায়ী সার্স-কোভ-২ এর ‘ভাইরাস স্তর’ প্রকাশিত হয়েছে, যা উপরের শ্বাসপ্রশ্বাসের পথ ও চোখের পৃষ্ঠের রেখার কোষ কনজাকটিভাতে অনেক বেশি ছিল।

ড. মাইকেল চ্যান চি-ওয়াইয়ের নেতৃত্বে হংকংয়ের জনস্বাস্থ্য স্কুলের একটি দল বিশ্বে প্রথম গবেষক হিসেবে প্রমাণ করেছিল করোনাভাইরাস মানবদেহের দুটি প্রবেশপথ দিয়ে ঢুকতে পারে, যা প্রকাশিত হয়েছিল দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনের জার্নালে।

ড. চ্যান বলেছেন, ‘মানুষের শ্বাসপ্রশ্বাসের ট্র্যাক্ট ও চোখের টিস্যু নিয়ে গবেষণাগারে গবেষণা করেছি। সার্স ও এইচ৫এন১ এর সঙ্গে তুলনা করে সার্স-কোভ-২ নিয়ে গবেষণার জন্য প্রয়োগ করেছি। আমরা দেখতে পেয়েছি সার্স-কোভ-২ মানবদেহের কনজাঙ্কটিভা ও শ্বাস প্রশ্বাসের প্রবেশপথে সার্সের চেয়ে অনেক বেশি সংক্রমণ করে থাকে।

এক্ষেত্রে ভাইরাসের মাত্রা ৮০ থেকে শতগুণ বেশি।’ তিনি আরও যোগ করেছেন, ‘সার্সের চেয়েও উচ্চতর সংক্রমণ ক্ষমতা কোভিড-১৯ এর। এই গবেষণায় আরেকটি ব্যাপার উঠে এসেছে, চোখগুলো সার্স-কোভ-২ মানবদেহে সংক্রমণের গুরুত্বপূর্ণ একটি পথ হতে পারে।’

এই গবেষণা থেকে আরেকটি ব্যাপারে জোরালো দাবি উঠেছে। সংক্রমণ এড়াতে চোখ স্পর্শ করা যাবে না এবং হাত ধুতে হবে নিয়মিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.