Sylhet Today 24 PRINT

পুরুষের শুক্রাণুতে করোনার উপস্থিতি, দাবি চীনা গবেষকদের

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ মে, ২০২০

পুরুষের শুক্রাণুতেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে একদল চীনা গবেষক। এমনকি সুস্থ হওয়ার পরও শুক্রাণুতে করোনার উপস্থিতি থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা। এর ফলে যৌন সম্পর্কের মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে আতঙ্ক তৈরি হয়েছে।

ওই গবেষণায় চীনের শাংকিউ মিউনিসিপ্যাল হাসপাতালে চিকিৎসা নেওয়া ৩৮ পুরুষের মধ্যে ছয়জনের শুক্রাণুতে করোনার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা, যার হার ১৬ শতাংশ। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আজ শুক্রবার এ খবর জানিয়েছে।

গবেষকরা বলছেন, যেহেতু স্বল্প পরিসরে এই গবেষণা চালানো হয়েছে, তাই এখনই বলা যাচ্ছে না যে যৌন সম্পর্কের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় কি না। এ জন্য আরও গবেষণার প্রয়োজন।

বিজ্ঞাপন



ওই গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, যদি প্রমাণ হয় যৌন সম্পর্কের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমিত হয়, তাহলে এটি হবে এ মহামারির সবচেয়ে সংকটের বিষয়।

এদিকে অন্য বিশেষজ্ঞরা বলছেন, এ গবেষণা অনেক আশ্চর্যের বিষয়। কিন্তু বিষয়টি আরও সতর্কতার সঙ্গে দেখা উচিত। এবং অন্য ছোট ছোট গবেষণাও পর্যবেক্ষণ করা উচিত, যেসব গবেষণায় শুক্রাণুতে করোনার উপস্থিতি মেলেনি।’

এর আগে গত ফেব্রুয়ারি ও মার্চে চীনে সামান্য পরিসরে করা গবেষণায় ১২ জন করোনা আক্রান্ত রোগীর শুক্রাণুতে ভাইরাসটির উপস্থিতি পাননি গবেষকরা।

যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রোলজির অধ্যাপক অ্যালান প্যাসি বলেছেন, ‘ভাইরাসের উপস্থিতি জানতে শুক্রাণু পরীক্ষার ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা থাকায় এ গবেষণাগুলো এখনই চূড়ান্ত হিসেবে দেখা উচিত নয়। এ ছাড়া শুক্রাণুতে করোনার উপস্থিতি থাকলেও এটি সক্রিয় কি না অথবা সংক্রমণের ঝুঁকি আছে কি না, তা দেখা যায়নি।’

অ্যালান প্যাসি এও বলেন, ‘তবে ভাইরাসটি কিছু পুরুষের শুক্রাণুতে পাওয়া গেলে আমাদের অবাক হওয়ার কিছু নেই, যেহেতু এটি ইবোলা ও জিকার মতো আরও অনেক ভাইরাসের ক্ষেত্রেও দেখা গেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.