Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৮৭, মৃত ১৪, সুস্থ ২৩৬

নিজস্ব প্রতিবেদক |  ১০ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। এ পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১৪ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ‌আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ৬৫০ জন।

রোববার (১০ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

তিনি জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও চার জন নারী। বয়স বিশ্লেষণে চার জন নারীর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন দুই জন। ১০ জন পুরুষের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন।

নাসিমা সুলতানা জানান, করোনায় সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক পাঁচ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৬৯ জনকে এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭১ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন দুই হাজার ১১৫ জন। আর এ পর্যন্ত আইসোলেশন থেকে মোট ছাড়া পেয়েছেন এক হাজার ১১৪ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে আট হাজার ৬৩৪টি; যা গতকালের চেয়ে ৪০টি বেশি।

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা। দেশে এখন ৩৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.