Sylhet Today 24 PRINT

উহানে ৪২ লাখ নাগরিকের করোনা পরীক্ষা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ মে, ২০২০

নভেল করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে শুক্রবার (১৫ মে) পর্যন্ত চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ৪২ লাখ নাগরিকের বৈশ্বিক মহামারি কোভিড-১৯ শনাক্তকরন টেস্ট সম্পন্ন হয়েছে। অবশিষ্ট এক কোটি নাগরিক টেস্টের প্রক্রিয়ার মধ্যে আছেন।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সিনহুয়া নিউজের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) উহানে এক দিনে ১২ লাখ নিউক্লিক এসিড টেস্ট করানোর লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)।

বিজ্ঞাপন

সিনহুয়া নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নভেল করোনাভাইরাসের গণসংক্রমণের মুখে ৭৬ দিন লকডাউন করে রাখার পর, ৪০ দিন আগে (৯ এপ্রিল) পুনরায় ব্যবসায় ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পর উহানে ভাইরাসটির কী পরিমাণ উপসর্গহীন সংক্রমণ হয়েছে – তা জানতে পর্যায়ক্রমিকভাবে উহানের এক কোটি ৪০ লাখ নাগরিককে নভেল করোনাইরাস টেস্টের আওতায় আনছে এনএইচসি।

এদিকে, উহানের স্থানীয় এক সরকারি জরুরি বৈঠকের বরাতে সিনহুয়া জানাচ্ছে, যাদের প্রথম ধাপে করোনা টেস্ট হয়নি, যারা ঘনবসতিপূর্ণ এবং ভাইরাস উপদ্রুত অঞ্চলে বসবাস করছেন – সেই সব নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টেস্ট করানো হচ্ছে।

যদিও চীনের এনএইচসি’র পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সরবরাহ করা ডাটা অনুসারে, এপ্রিলের এক তারিখ থেকে মে মাসের ১৩ তারিখ টাইমলাইনে ১৭ লাখ ৯০ হাজার নাগরিকের টেস্ট সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়।

প্রসঙ্গত, বিগত ১০ দিন ধরে নিউক্লিক এসিড টেস্টের মাধ্যমে কোভিড-১৯ শনাক্তকরণ টেস্টে উহানে যারা পজিটিভ হয়েছেন, তারা সবাই দীর্ঘদিন ধরে উপসর্গহীনভাবে (শরীরে উচ্চ তাপমাত্রা, গলাব্যথা, হাঁচি, কাশি) ভাইরাসটি বহন করছিলেন।

তবে নভেল করোনাভাইরাস প্রকৃতি পরিবর্তন (মিউটেশন) করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখিত দ্বিতীয় দফা সংক্রমণ চীনে শুরু হয়েছে কি না – সে বিষয়টিও খতিয়ে দেখছেন চীনের স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.