Sylhet Today 24 PRINT

কারাবন্দি খালেদার জন্য ৩টি মনোনয়ন ফরম, নির্বাচনী যাত্রা শুরু বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী যাত্রা শুরু করলো বিএনপি।

সোমবার (১২ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

পরে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। আর এ কার্যক্রমের মধ্য দিয়ে ফরম বিক্রি শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনী-১ আসনের জন্য খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির একাধিক শীর্ষ নেতা।

এ ছাড়া বগুড়া-৬ আসন থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান। বগুড়া-৭ আসনের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস।

ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মনোনয়ন ফরম বিক্রি চলবে ১৩ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে রোববার বিকেল ৫টায় নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জানান, ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.