Sylhet Today 24 PRINT

দু-তিন দিনের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা হবে: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুই তিনদিনের মধ্যে আমাদের দলীয় মনোনয়ন ও একসপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আসন ভাগাভাগিতে আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই- ‘জেতার সম্ভাবনা আছে এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। হারের রিস্ক আমরা নেবো না। কারণ আমরা আমাদের প্রতিপক্ষকে এতো দুর্বল মনে করছি না।’

শুক্রবার (১৬ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ। দেশি-বিদেশি সব সমীক্ষা ও জরিপে শেখ হাসিনা জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। এই মুহূর্তে সব জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে। আমি পাঁচ-ছয়টি জরিপ রিপোর্ট স্টাডি করেছি। এই জরিপ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়েই করেনি, আমাদের যারা প্রতিপক্ষ তাদের অবস্থান নিয়েও জরিপ করা হয়েছে। আমরা যেসব জায়গায় পিছিয়েছি, সেসব নির্বাচনী এলাকাতেও আমরা গেছি।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘পুলিশ কোনও প্রকার হস্তক্ষেপ করছে না যাতে নির্বাচনটা ভালোভাবে হয়। দেশের মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন এজন্য সরকারি দল হিসেবে আমরা অনেক কিছু সহ্য করে যাচ্ছি। তারা যেন আমাদের সহনশীলতাকে দুর্বলতা না ভাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.