Sylhet Today 24 PRINT

কে হচ্ছেন নৌকার মাঝি, জয়া-মতিউর না শামসুল?

সুনামগঞ্জ -২ (দিরাই শাল্লা)

দিরাই প্রতনিধি |  ১৬ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জ -২ (দিরাই শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে পাচ্ছেন নৌকা? দিরাই শাল্লার হোটেল রেস্তোরায় এমনকি পাঁড়া গায়ের গ্রামীন আড্ডায়ও এখন এ আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা যায়, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এ আসন থেকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর স্ত্রী ড. জয়া সেনগুপ্তা গত উপ-নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হন। উপ-নির্বাচনে সিলেট মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য, অ্যাডভোকেট শামসুল ইসলাম সহ একাধিক নেতা দলীয় মনোনয়ন চাইলেও শেষে হাই কমান্ডের নির্দেশে তারা মনোনয়ন প্রত্যাহার করেন। আসন্ন নির্বাচনে তারা জয়া সেনগুপ্তাকে ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হাই কমান্ডকে।

দলীয় সূত্রে জানাযায়, বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা সহ ১১জন আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে হাই কমান্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া মহাজোটের শরীকদল জাতীয় পার্টি, জাসদ ও গনতন্ত্রী পার্টি এ আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেছে।

মহাজোটের এ প্রার্থী জটে কে পাচ্ছেন নৌকা? এ নিয়ে চলছে সর্বত্র আলোচনা। আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে আলাপ করে জানা যায়, এ আসন তারা মহাজোটের শরীকদের কখনো ছাড় দেবেন না।

নেতৃবৃন্দ জানান, জয়া সেনগুপ্তা, মতিউর রহমান ও শামসুল ইসলাম এ তিন জনের মধ্যেই একজন পাবেন নৌকা এটা প্রায় নিশ্চিত ।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বলেন, দিরাই হচ্ছে আমার জন্মস্থান, আমরা স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দিরাই শাল্লায় আওয়ামীলীগের দুর্গ গড়ে তুলেছি, জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি সম্মান দেখিয়ে অতীতে আমি প্রার্থী হইনি। এবার এ আসনে আমি দলীয় মনোনয়ন  পাব এ আমার বিশ্বাস।

সিলেট মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বলেন,ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি, গত উপ-নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চেয়ে ছিলাম কিন্তুু প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহার করি। কিন্তু দুই বছরে জয়া সেনগুপ্তা এলাকর উন্নয়নে আশানুরোপ ভূমিকা রাখতে পারেননি, তাই তৃণমুল আওয়ামীলীগসহ এলাকা বাসী পরিবর্তন চান, তৃণমুল আওয়ামীলীগের সাড়া পেয়ে আমি দলীয় মনোনয়ন চেয়েছি, আমি আশাবাদী ভাটির জনপদের উন্নয়নের স্বার্থে হাই কমান্ড আমাকে মনোনয়ন দেবে ।

এ ব্যাপারে বর্তমান সাংসদ জয়া সেনগুপ্তা বলেন, দিরাই শাল্লা বাসী জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে বার বার এমপি বানিয়েছেন। গত উপনির্বাচনে এলাকাবাসী আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সুরঞ্জিত সেনগুপ্তের  স্মৃতি ধরে রাখতে কাজ করে যাচ্ছি। হাই কমান্ড আমার স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে আমাকে  আবার ও সুযোগ দেবেন এ আমার বিশ্বাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.