Sylhet Today 24 PRINT

দলের বিভেদ ঘুচাতে ঝটিকা সফরে সিলেটে নাহিদ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০১৮

নিজ নির্বাচনী এলাকায় দলের ভেতরের বিভেদ ঘুচাতে শেষ সময়ে এসে উদ্যোগী হয়েছেন সিলেট-৬ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গোলাপগঞ্জ -বিয়ানিবাজার এলাকার আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করতে শনিবার দুপুরে ঝটিকা সফরে সিলেট আসেন তিনি।

এই আসনে নাহিদের বদলে সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সমশের মবির চৌধুরীকে মহাজোটের প্রার্থী করা হতে পারে বলে গণমাধ্যমে আলোচনা রয়েছে। এমন আলোচনার মধ্যেই শনিবার দল ঘোচাতে সিলেট আসনে নাহিদ।

এরআগে বিভিন্ন সময় নিজ এলাকার দলের নেতাকর্মীরাই নাহিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নাহিদ তৃণমূল বিচ্ছিন্ন বলেও অভিযোগ তাদের। এই নির্বাচনেও সিলেট-৬ আসনে নাহিদের পাশাপাশি নৌকার মনোনয়ন চেয়েছেন দলটির আরও ১১ নেতা।

দলের এই বিভেদ ঘোচাতে শনিবার দুপুরে বিমান যোগে সিলেট আসেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি । তাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দ ।

বিকেলেই গোলাপগন্জ আওয়ামীলীগ  সভাপতি এড ইকবাল আহমদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় আ. লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় বসেন নাহিদ।

সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্যও ওই সভায় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.