Sylhet Today 24 PRINT

বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৮

ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন,  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান আছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তা ছাড়া পুলিশ ইসির কথা মতোই চলছে।

শনিবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন৷

তিনি বলেন, সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটাই প্রতিফলিত হয়।

দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সে ক্ষেত্রে পুলিশকে নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নিয়ন্ত্রণে আছে। সেদিন আমরা সব পুলিশকে ডেকেছি, তারা এসেছে এবং আমাদের নির্দেশনা নিয়েছে। তারা কথা দিয়েছে আমাদের নির্দেশনা মোতাবেক তারা কাজ করবে। এখন পর্যন্ত তারা সেটাই করে যাচ্ছে।’

নির্দেশনার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য আমরা রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করি। যার যার জেলা এবং উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনী এলাকায় নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য। রিটার্নিং অফিসার ও অ্যাসিট্যান্ট রিটার্নিং অফিসার তারা আবার প্রিজাইডিং অফিসারদের ওপর দায়িত্ব অর্পণ করে। সুতরাং আজকের কথা হলো প্রিজাইডিং অফিসারদের ফোকাস করা হয়েছে যে তারা তো মাঠে থাকবে। তাই ম্যাজিস্ট্রেটগণ যেন প্রিজাইডিং অফিসারদের সহযোগিতা করে যেকোনো বিষয়ে। ’

আইনের বিভিন্ন দিক এবং আচরণবিধিমালা সম্পর্কে আলোচনা হয়েছে জানিয়ে নুরুল হুদা বলেন, ‘কর্মকর্তারা যখন মাঠে তাদের দায়িত্ব পালন করবেন তখন এই জিনিসগুলো তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ’

নির্বাচনে ইসির নির্দেশ মাঠে যায় এবং সেটা প্রতিফলিত হয় বলেও জানান সিইসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.