Sylhet Today 24 PRINT

৬ আসনে ইভিএমে ভোট

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি পূর্ণ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে ইভিএম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ একথা জানান।

ইসি সচিব বলেন, আসন্ন নির্বাচনে ৬টি আসনের সবকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। কেন্দ্রগুলো বাছাই করা হবে দৈবচয়নের মাধ্যমে। কোন ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হবে, তা আগামী ২৮ নভেম্বর বাছাই করা হবে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৪০ হাজারটির মধ্যে ৯০০টির মতো কেন্দ্রে যন্ত্রে ভোট গ্রহণ হবে, অর্থাৎ সেগুলোতে কোনো ব্যালট পেপার থাকবে না।

বিএনপিসহ অধিকাংশ দলের বিরোধিতার মধ্যেই একাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। তফসিল ঘোষণার সময় সিইসি কে এম নূরুল হুদা বলেছিলেন, শহরাঞ্চলে ‘অল্প’ কয়েকটি কেন্দ্রে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে।

শুক্রবারের এক অনুষ্ঠানেও তিনি বলেছিলেন, “আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। অথবা কয়েকটি আসনের কিছু সংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে।”

তবে শেষ পর্যন্ত দৃশ্যত বড় পরিসরেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিল ইসি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অবস্থান জানালেও বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট এর ঘোর বিরোধিতা করে আসছে। আপত্তি না শুনলে মামলা করার হুমকিও দিয়ে রেখেছে তারা।

এ বিষয়ে সিইসি শুক্রবার বলেছিলেন, “যারা মামলা করবে, এটা তাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।”

ইভিএম বিরোধিতাকারীদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা ইভিএমের বিরোধিতা করে, তারা এটি এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় পরীক্ষা করুক। তা হলে তাদের সংশয় কেটে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.