Sylhet Today 24 PRINT

নাহিদেই আস্থা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৮

সিলেট-৬ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী- এনিয়ে শনিবার পর্যন্ত দ্বিধায় ছিলেন খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই। দলটির ১২ নেতা এবার মনোনয়ন চেয়েছেন। তারউপর আওয়ামী লীগের সাথে যুক্তফ্রন্টের জোট আর ওই ফ্রন্টে সমশের মবিন চৌধুরীর যুক্ত হওয়ায় শঙ্কায় ছিলেন নেতাকর্মীরা।

দলীয় কোন্দল আর জোটের দাবি মেটাতে এই আসনে এবার সমশের মবিন নৌকার প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন ছিলো। এতে বাদ পড়ার শঙ্কায় ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তবে সব জল্পনার অবসান টিয়ে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নাহিদেই আস্থা রেখেছে আওয়ামী লীগের। এই আসন থেকে বারবার নির্বাচিত নাহিদকে দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন।


রোববার (২৫ নভেম্বর) সকালে মনোনয়ন সংক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষরিত চিঠি পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুটি উপজেলা নিয়ে গঠিত সিলেট -৬ আসন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মরহুম আবদুর রহিম । ১৯৭৯ সালে ২য় সংসদ নির্বাচনে বিএনপির মরহুম লুৎফর রহমান এ আসনে বিজয়ী হন। সেই থেকে প্রায় দেড় যুগ ধরে আসনটি বিএনপি, জাপা ও স্বতন্ত্র প্রার্থীর দখলে ছিল।

এরপর ১৯৯৬ সালে ৭ম সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নাহিদের বিজয় লাভের মধ্য দিয়ে এই আসনটি আওয়ামী লীগ ফিরে পায় । এরপর নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও আবার ২০০১ সালে হাতছাড়া করে আওয়ামী লীগের।

২০০৮ সালে ৯ম সংসদ নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমানকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেন নুরুল ইসলাম নাহিদ। এর পর টানা প্রায় ১০ বছরে এ আসনটি আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দখলে।

এবার এ আসনে নাহিদসহ আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছিলেন এক ডজন নেতা। প্রার্থী হতে দলীয় মনোনয়ন ক্রয় করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও এ আসনের বর্তমান সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ, লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খাঁন সাদেক, বাংলাদেশ যুব-মহিলা লীগের সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র ডেইজী সরওয়ার, নিউ জাস্ট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি সফিক উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট জেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম বাচ্চু, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা তাঁতীলীগের আহবায়ক হেলাল আহমদ চৌধুরী।

এ আসনে ৩ লাখ ৭১ হাজার ৯০৩ ভোটার রয়েছে। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৮৫৬ পুরুষ এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৭ জন।

পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আগামি ৩০ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.