নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (২৫ নভেম্বর) দুপুরে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
সিলেট-১ আসনের বর্তমান এমপি তারই অগ্রজ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির বদলে মোমেনকেই মনোনয়ন দিল আওয়ামী লীগ।
একাধিকবার এই আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে আলোচনার মাঠে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিচ্ছেন না অর্থমন্ত্রী। যদিও তিনি মনোনয়ন ফরম কিনেছিলেন। এমনকি ড. এ কে আব্দুল মোমেনের মনোনয়ন ফরম কেনার ৩০ হাজার টাকাও উপহারস্বরূপ দিয়েছিলেন মুহিত।
'সরকার নির্ধারণী' সিলেট-১ আসনে আওয়ামী লীগের সর্বমোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
আব্দুল মোমেন ছাড়াও তার ভাই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।